বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কবি নজরুল সরকারি কলেজ শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন আদনান সামী।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কলেজ শাখার সাথীদের নিয়ে এক জরুরি সাথী সমাবেশে ২০২৬ সেশনের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার তথ্য ও গবেষণা সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী।
সংগঠন সূত্রে আরও জানা গেছে, সভাপতি নির্বাচন উপলক্ষে মহানগর দক্ষিণ সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সাথীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আরিফুর রহমানকে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান অতিথি হাফেজ দেলোয়ার হোসেন। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি কলেজ শাখার সেক্রেটারি হিসেবে আদনান সামীকে মনোনীত করেন।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শুভেচ্ছা জানান এবং সাংগঠনিক দায়িত্ব পালনে আন্তরিকতা, আমানতদারিতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সাথী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।





























