লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এর মধ্য দিয়ে মেসি-পরবর্তী যুগে ‘আলবিসেলেস্তেদের’ নেতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা হলো।
মেসির পর আর্জেন্টিনার আর্মব্যান্ড কার হাতে উঠবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা। শেষ পর্যন্ত ২৮ বছর বয়সী সেন্টার-ব্যাক রোমেরোর ওপরই আস্থা রাখলেন স্কালোনি ও তার কোচিং স্টাফ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে গ্যাস্টন এদুল জানিয়েছেন, মেসি ও নিকোলাস ওটামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর রোমেরোকেই অধিনায়ক করার পরিকল্পনা অনেক আগে থেকেই করে রেখেছিল আর্জেন্টিনার কোচিং স্টাফ। বিশ্বকাপেরও কয়েক মাস আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রোমেরো। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ এই চারটি বড় শিরোপা জয়ে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
দৃঢ়তা, ট্যাকলিং এবং মাঠে নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে সতীর্থদের কাছেও রোমেরোর গ্রহণযোগ্যতা রয়েছে। এবার সেই নেতৃত্বের গুণই আরও বড় পরিসরে কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন তিনি।
নতুন অধিনায়ক রোমেরোর পাশে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজসহ দলের অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা। তাদের নেতৃত্ব ও সহযোগিতায় মেসি-পরবর্তী নতুন ফুটবল চক্রে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা।
মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের পর আর্জেন্টিনার সামনে এখন নতুন চ্যালেঞ্জ। সেই নতুন যাত্রায় আর্মব্যান্ড হাতে রোমেরো কতটা সফল হন, সেটিই এখন দেখার বিষয়।






































