বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবার নিজ দেশের ফুটবল প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে নিজের নাম, ছবি ও অডিও-ভিজ্যুয়াল উপাদান ব্যবহার বন্ধের দাবিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘এ২৪’-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গোল ডট কম।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে মেসির একচেটিয়া বাণিজ্যিক চুক্তি রয়েছে। তবে তার বা তার প্রতিনিধিদের অনুমতি ছাড়াই এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া স্থানীয় একটি প্রতিদ্বন্দ্বী বিয়ার কোম্পানির বিজ্ঞাপনে জাতীয় দলের জার্সি পরা মেসির ছবি ব্যবহারের অনুমতি দেন। বিষয়টি জানার পর মেসি ও তার পরিবার আন্তর্জাতিক স্পনসরদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আইনজীবীদের মাধ্যমে এএফএ নেতৃত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন মেসি। আইনি নোটিশে এএফএ ও এর কর্মকর্তাদের যেকোনো বাণিজ্যিক কিংবা প্রচারণামূলক কাজে তার নাম, ছবি ও অডিও-ভিজ্যুয়াল উপাদান ব্যবহার অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে।
শুধু বাণিজ্যিক স্বত্বের অপব্যবহারই নয়, এএফএর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আর্থিক অনিয়ম, প্রীতি ম্যাচের চুক্তি নিয়ে বিতর্ক এবং প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়েও অসন্তুষ্ট মেসি। এসব বিতর্কের সঙ্গে নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তি জড়িয়ে পড়ুক, তা চান না আর্জেন্টিনার এই মহাতারকা।
অভিযোগ রয়েছে, এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশে বিভিন্ন কোম্পানি গড়ে ক্লাবগুলোর পাওনা অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া বেনিনের বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচ আয়োজনেও নানা ত্রুটি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল।
আর্জেন্টাইন সাংবাদিক নিকোলাস উইনাজকির দাবি, জাতীয় দলের স্বার্থের বাইরে ব্যক্তিগত বা ব্যবসায়িক লাভের জন্য মেসির ভাবমূর্তি ব্যবহার বন্ধ করতেই এই কঠোর অবস্থান নিয়েছেন তিনি। একই সঙ্গে তাপিয়া ও কোষাধ্যক্ষ তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিনের সুসম্পর্কের পর মেসির এমন অবস্থান আর্জেন্টাইন ফুটবল প্রশাসনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেসি কিংবা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


































