‘তিন মাসেও শেষ হয়নি পাবিপ্রবির মাঠ সংস্কার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কারকাজ শুরু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় মাঠে সংস্কারকাজ চলমান রয়েছে। ট্রাক্টর দিয়ে মাঠের অসমান অংশ সমান করা ও মাটি কমপ্যাক্ট করার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন সংস্কারকাজ বন্ধ থাকার পর মাঠে আবারও কাজ শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
এর আগে গত ২০ জুন কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কারকাজ শুরু হলেও প্রায় তিন মাসেও কাজ শেষ হয়নি। মাঠের বিভিন্ন অংশ অসমান থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত। ফলে দীর্ঘদিন ধরে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছিল। এতে নিয়মিত খেলাধুলা, অনুশীলন ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ব্যাহত হচ্ছিল।
এ নিয়ে গত ২১ সেপ্টেম্বর ‘অভিযাত্রা’ নিউজ পোর্টালে ‘তিন মাসেও শেষ হয়নি পাবিপ্রবির মাঠ সংস্কার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মাঠের সংস্কারকাজ পুনরায় শুরু হয়েছে।
মাঠে আবারও কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা দ্রুত সংস্কারকাজ শেষ করে মাঠটি পূর্ণাঙ্গভাবে খেলাধুলার উপযোগী করার দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের প্রত্যাশা, সংস্কারকাজ দ্রুত শেষ হলে কেন্দ্রীয় মাঠে নিয়মিত খেলাধুলা, অনুশীলন ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের সুযোগ ফিরে আসবে।





































