তিন মাস পেরিয়ে গেলেও শেষ হয়নি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কারকাজ। ফলে দীর্ঘদিন ধরে খেলাধুলার জন্য কেন্দ্রীয় মাঠ ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। এতে নিয়মিত খেলাধুলা, অনুশীলন ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ব্যাহত হচ্ছে। সংস্কারকাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় খেলার মাঠের বিভিন্ন অংশ এখনো অসমান। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যাচ্ছে। কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পর মাঠটি খেলাধুলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। মাঠের উঁচু-নিচু অংশও এখনো পুরোপুরি সমান করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের মন্দিরসংলগ্ন একটি ছোট মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করলেও সেখানে পর্যাপ্ত জায়গা নেই। ফলে নিয়মিত খেলাধুলার পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনেও তৈরি হচ্ছে জটিলতা। দীর্ঘদিন কেন্দ্রীয় মাঠ বন্ধ থাকায় বিকল্প ছোট মাঠে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ তৈরি হয়েছে। এতে একদিকে খেলাধুলার পরিবেশ সংকুচিত হচ্ছে, অন্যদিকে সারাদিনের খেলাধুলার শব্দে চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের পড়াশোনাতেও ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ২০ জুন কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কারকাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও মাঠটি পুরোপুরি খেলার উপযোগী করে তুলতে পারেনি সংশ্লিষ্টরা। এখনো মাঠের লেভেলিংয়ের কাজ শেষ হয়নি। ক্রিকেট খেলার পিচ ও ফুটবলের গোলপোস্টও যথাযথভাবে প্রস্তুত করা হয়নি বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, মাঠ সংস্কারের জন্য দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় মাঠ বন্ধ থাকলেও কাজের দৃশ্যমান অগ্রগতি খুবই ধীর। ফলে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অনুশীলনও করতে পারছেন না তারা। দীর্ঘদিন খেলাধুলার সুযোগ না থাকায় অনেক শিক্ষার্থী খেলাধুলা থেকে দূরে সরে মোবাইল ফোনে বেশি সময় কাটাচ্ছেন বলেও জানান তারা।
স্থাপত্য বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীর সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিছু মৌলিক চাহিদা রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো মানসম্মত খাবার ও শরীরচর্চার সুযোগ।
আমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে পড়ে আছে। এখনো সংস্কারকাজ শেষ হয়নি। অথচ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা কতটা জরুরি, সেটা নিশ্চয়ই সবাই জানেন। তাহলে এতদিনেও মাঠ সংস্কার শেষ না হওয়ার কারণ কী? আমরা চাই, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব মাঠের সংস্কারকাজ শেষ করা হোক।’
এ বিষয়ে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. এনামুল হক বলেন, মাঠ সংস্কারের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদেরকে মাঠটি পুরোপুরি প্রস্তুত করে দেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে মাঠের শুধু লেভেলিংয়ের কাজটাই বাকি রয়েছে। তবে টানা বৃষ্টির কারণে এখন লেভেলিংয়ের কাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি থামার পরপরই কাজ শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকলে লেভেলিংয়ের কাজ শেষ করতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে।
খেলার মাঠ সংস্কারের বিষয়ে জানতে চাই উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কারকাজের মূল অংশ প্রায় শেষ হয়েছে। এখন মূলত মাঠের মাটি সমান করা ও কমপ্যাক্ট করার জন্য রোলার চালানো বাকি। তবে রোলার চালানোর জন্য মাঠের মাটি কিছুটা শক্ত ও উপযুক্ত হওয়া প্রয়োজন। অতিরিক্ত বৃষ্টির কারণে বর্তমানে রোলার মাঠে প্রবেশ করানো যাচ্ছে না। রোলার ঢোকালে মাটি কাদার সঙ্গে উঠে এসে মাঠের অবস্থা আরও খারাপ হতে পারে। তাই বৃষ্টি কমে মাঠ শুকিয়ে রোলিং করার মতো উপযুক্ত হলে দ্রুত কাজটি সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, এর আগে কয়েকদিন টানা রোদ থাকায় মাঠ রোলিং করার উপযোগী হয়েছিল। কিন্তু পরবর্তীতে হঠাৎ ভারী বৃষ্টি হওয়ায় আবার মাঠ ভিজে যায়। বর্তমানে রোলার দিলে মাটি উঠে গিয়ে মাঠের পৃষ্ঠ আরও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মাঠ কিছুটা শুকিয়ে শক্ত হওয়ার অপেক্ষা করা হচ্ছে।
সর্বশেষ সংবাদ
খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা
তিন মাসেও শেষ হয়নি পাবিপ্রবির মাঠ সংস্কার
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত ১০:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- ৩৪ বার পঠিত
জনপ্রিয়

































