‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের এলিভেটেড ওয়াকওয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। পরে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রেজেন্টেশন ও ফুড স্টলের আয়োজন করা হয়।
এরপর দুপুরে ‘বৈশ্বিক আতিথেয়তা শিল্পের দ্বার: ভবিষ্যতের জন্য শিল্পোপযোগী পেশাজীবী গড়ে তোলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান ও ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা যীশু তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান অভি।
এ সময় বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. শাহেদুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, বাংলাদেশে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি দ্রুত বিকশিত হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে পর্যটনশিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব সবার।
তিনি বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়নের জন্য বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেবার মান উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলেই এ খাতে টেকসই উন্নয়ন সম্ভব হবে।
বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান অভি বলেন, বিশ্ব পর্যটন দিবসের আয়োজন সফল করতে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের জন্য বিসিএসে আরও সুযোগ তৈরি করা প্রয়োজন। দেশের প্রতিটি জেলায় ট্যুরিজম অফিসার নিয়োগের মাধ্যমে পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।


































