শিক্ষা ডেস্ক: কম্পিউটার বিজ্ঞান বা প্রোগ্রামিংয়ের প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক টুলের সহায়তায় নিজের অ্যাপ তৈরি করা সম্ভব। ডেভেলপার নিয়োগের বড় বাজেট না থাকলেও সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনার মাধ্যমে ঘরে বসেই এই কাজ শুরু করা যায়। প্রথমে প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
বিনা মূল্যে প্রোগ্রামিং শেখার জন্য ডব্লিউথ্রি স্কুলস অত্যন্ত কার্যকর একটি মাধ্যম, যেখানে এইচটিএমএল, সিএসএস ও জাভাস্ক্রিপ্টের প্রাথমিক পাঠ পাওয়া যায়। এছাড়া চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড বা ডিপসিকের মতো এআই টুল ব্যবহার করে সহজেই প্রয়োজনীয় কোড তৈরি করে নেওয়া যায়। তবে কোড অন্ধভাবে কপি না করে এর কার্যপদ্ধতি বোঝার চেষ্টা করা উচিত।
ভিজুয়াল স্টুডিও কোড, নোড জেএস এবং এক্সপোর মতো বিনা মূল্যের সফটওয়্যার ও টুলগুলো অ্যাপ তৈরির কাজকে আরও সহজ করে তোলে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এক্সপো স্ন্যাক ব্যবহার করা যেতে পারে, যা নতুনদের জন্য বেশ সুবিধাজনক। এছাড়া ইএএস বিল্ড সেবার মাধ্যমে কম্পিউটারে অতিরিক্ত চাপ না দিয়েই অ্যাপটিকে অ্যান্ড্রয়েড উপযোগী ফাইলে রূপান্তর করা যায়।
অ্যাপ তৈরির পর তা গুগল প্লে স্টোরে প্রকাশের জন্য ডেভেলপার অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় নিয়মকানুন ও পরিচয় যাচাই সম্পন্ন করতে হয়। সঠিক উপায়ে ছোট কোনো প্রকল্প দিয়ে কাজ শুরু করলে কোনো বড় খরচ ছাড়াই নিজের একটি পূর্ণাঙ্গ মোবাইল অ্যাপ তৈরি করা সম্ভব।





































