অভিনেতা ও নির্মাতা মনোজ প্রামাণিক। অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেলেও নির্মাণেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। এবার সেলেব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’-এ হাজির হয়ে নিজের কাজ, ব্যক্তিজীবন, সম্পর্ক নিয়ে গুঞ্জন এবং দেশের শোবিজ ইন্ডাস্ট্রির নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা-নির্মাতা।
সঞ্চালক পান্থ আফজালের সঙ্গে আড্ডায় মনোজ প্রামাণিক তুলে ধরেছেন তাঁর প্রযোজিত ‘সাঁকোটা দুলছে’–এর বিশ্বজয়ের গল্প। কাজটি ঘিরে অর্জন, অভিজ্ঞতা ও প্রত্যাশার পাশাপাশি উঠে এসেছে অভিনয় থেকে কিছুটা দূরে থাকার কারণও। কেন পর্দায় তাঁকে আগের মতো নিয়মিত দেখা যাচ্ছে না, তা নিয়েও কথা বলেছেন তিনি।
আড্ডায় বাদ যায়নি ব্যক্তিজীবনও। সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন, ব্যক্তিগত ভাবনা এবং লক্ষ্মীপূজার পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন মনোজ। পাশাপাশি জানিয়েছেন আগামীর কাজের পরিকল্পনা এবং দেশের বিনোদন অঙ্গন নিয়ে তাঁর আশা-হতাশার কথাও।
বর্তমান সময়ের শোবিজ ইন্ডাস্ট্রির নানা বাস্তবতা, কাজের পরিবেশ, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে মনোজের বক্তব্যে উঠে এসেছে একজন শিল্পীর নিজস্ব উপলব্ধি। তাঁর এই আড্ডায় যেমন রয়েছে কাজের সাফল্যের গল্প, তেমনি রয়েছে ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা ও কিছু না-পাওয়ার আক্ষেপ।
পান্থ আফজালের সঞ্চালনায় ‘স্টার স্টোরিজ’-এর এই বিশেষ পর্বটি প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৭টায়। অনুষ্ঠানটি দেখা যাবে ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।




































