বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েটদের বাস্তবমুখী শিক্ষায় দক্ষ করে তোলা এবং বিশ্ববিদ্যালয়-শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় পাস করা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সঠিক চিত্র জানতে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কনফারেন্স রুমে ‘Industry-Academia Collaboration: Islamic University Bangladesh Perspective’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেও দেশের শ্রমবাজারে তারা কোথায় কীভাবে যুক্ত হচ্ছেন, তার পর্যাপ্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে নেই। এ লক্ষ্যেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পাবলিক সার্ভিস কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে ইবি শিক্ষার্থীদের কর্মসংস্থানের তথ্য সংগ্রহ করে এ ডাটাবেজ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, “ডাটাবেজ থাকলে আমরা সহজেই মূল্যায়ন করতে পারব প্রতিবছর কর্মসংস্থানের হার বাড়ছে কি না। বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব হলো দক্ষ জনশক্তি তৈরি করা। তাই শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের বাস্তব ও কর্মমুখী শিক্ষা দিতে হবে।”
শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক জোরদারের বিষয়ে তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা, ইন্টার্নশিপ, চাকরির সুযোগ ও বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা লাভ করবে। এছাড়া সিভিল সার্ভিসে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে লাইব্রেরিতে ‘জব কর্নার’ চালু করা হয়েছে বলেও জানান তিনি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ।





































