রাজনীতি ডেস্ক: ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীদের উপহার নেওয়াকে ঘুষ বলা যাবে না—স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, উপহারের মোড়কে এ ধরনের অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন প্রতিমন্ত্রী। সম্প্রতি এলজিইডির সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনে ওই বিতর্কিত মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য প্রকৌশলীরা জনগণের টাকায় নিয়মিত বেতন ও ভাতা পেয়ে থাকেন। তাই নির্দিষ্ট দায়িত্ব পালনের পর ঠিকাদারদের কাছ থেকে উপহার বা অতিরিক্ত কোনো সুবিধা নেওয়া সম্পূর্ণ অবৈধ। এমন অনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ দিয়ে প্রতিমন্ত্রী প্রকারান্তরে ঘুষ লেনদেনকে বৈধ করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ তোলে সংস্থাটি।
এ ঘটনায় অবিলম্বে প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার পাশাপাশি সরকারের অবস্থান স্পষ্ট করার জোর দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী এই সংস্থাটি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী এবং এই বক্তব্যের পেছনে পরামর্শদাতা হিসেবে উঠে আসা সিনিয়র কর্মকর্তার জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। নতুন কর্মকর্তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়াকে আইনের চরম লঙ্ঘন ও দায়িত্বহীনতা বলে অভিহিত করেছে টিআইবি।
এদিকে টিআইবির এই প্রতিক্রিয়াকে সম্পূর্ণ ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে আখ্যায়িত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, উন্নয়নকাজে স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি ক্রয়বিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশই দিয়েছিলেন প্রতিমন্ত্রী। তবে পরবর্তীতে নিজের অনানুষ্ঠানিক ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করেছেন এবং ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী।



































