প্রযুক্তি ডেস্ক: প্রায় পাঁচ দশকের ঐতিহাসিক যাত্রায় নতুন এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার ১। মহাকাশের অন্তহীন শূন্যতার বুক চিরে এগিয়ে চলা এই রোবটিক যানটি পৃথিবী থেকে প্রথমবারের মতো এক আলোক-দিবস দূরত্বে পৌঁছেছে। আলো ২৪ ঘণ্টায় যতটুকু পথ পাড়ি দেয়, তাকেই এক আলোক-দিবস হিসেবে গণনা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে যানটি পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার দূরত্বে অবস্থান করে। প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, মানুষের তৈরি কোনো মহাকাশযান এর আগে কখনো এই দূরত্ব অতিক্রম করতে পারেনি।
মহাশূন্যে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ আলোর গতিতেই চলাচল করায় এখন এই যানে কোনো নির্দেশ পাঠাতে ২৪ ঘণ্টা এবং সেখান থেকে ফিরতি বার্তা পৃথিবীতে পৌঁছাতে আরও ২৪ ঘণ্টা সময় লাগছে। বার্তা হাতে না পাওয়া পর্যন্ত নাসা নিশ্চিত হতে না পারলেও ভয়েজার মিশনের ব্যবস্থাপক কারিম বদরুদ্দিন এই ঘটনাকে অত্যন্ত অসাধারণ বলে উল্লেখ করেছেন। সৌরজগৎ ও আন্তঃনাক্ষত্রিক মহাকাশ বা তারামণ্ডলের মধ্যবর্তী অঞ্চল সম্পর্কে গবেষণার উদ্দেশ্যে ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ভয়েজার ১ মহাকাশে পাঠানো হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এটি তার যমজ যান ভয়েজার ২ সহ মানুষের পাঠানো অন্য যেকোনো মহাকাশযানের চেয়ে অনেক বেশি পথ পাড়ি দিয়েছে।
২০১২ সালেই ভয়েজার ১ তার যমজ যানের আগে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছিল এবং দীর্ঘ এই যাত্রাপথে বেশ কিছু কারিগরি ত্রুটির মুখে পড়েছিল। প্লুটোনিয়ামের পরিমাণ কমে যাওয়ার কারণে যানটিকে সচল রাখতে বিজ্ঞানীদের কিছু ফিচার বন্ধ করতে হলেও এর ঐতিহাসিক যাত্রা থমকে যায়নি। দীর্ঘ ৪৯ বছর ২ মাস ১১ দিন ভ্রমণের পর যানটি বর্তমানে পৃথিবী থেকে প্রায় ১৭ আলোক-বর্ষ দূরে সপ্তর্ষি মণ্ডলের প্রতিবেশী ‘গ্লিজ ৪৪৫’ তারার দিকে অগ্রসর হচ্ছে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, গ্লিজ ৪৪৫ তারার ১.৭ আলোক-বর্ষ দূরত্বের মধ্যে পৌঁছাতে ভয়েজার ১-এর প্রায় ৪০ হাজার বছর সময় লাগবে।
মহাকাশের সুবিশাল গভীরতার তুলনায় এই দূরত্ব খুব বেশি না হলেও, মহাশূন্যে মানুষের তৈরি কোনো যানের এই অগ্রগতি এক যুগান্তকারী সাফল্য। এমন ঘটনা অতীতে কখনো ঘটেনি এবং ভবিষ্যতেও হয়তো আর কখনো দেখা যাবে না বলে গবেষকরা মনে করছেন। নানা প্রতিকূলতা ও যান্ত্রিক সীমাবদ্ধতা পেরিয়েও ভয়েজার ১-এর এই অবিরাম পথচলা মহাকাশ বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিজ্ঞানপ্রেমী ও গবেষকদের কাছে এই অর্জন মানব ইতিহাসের অন্যতম সেরা প্রযুক্তিগত জয়যাত্রা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।





































