আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ফ্লাইট ইন্টারন্যাশনালের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে যে ভারতের বহরে বর্তমানে ৩২টি রাফাল যুদ্ধবিমান সক্রিয় রয়েছে। অথচ ২০২৫ সালের মে মাসের সংঘাতের আগে দেশটির বিমানবাহিনীতে ফরাসি প্রযুক্তির এই বিমানের সংখ্যা ছিল ৩৬টি। ফলে হিসাব অনুযায়ী বর্তমানে চারটি রাফাল কম রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে বহর থেকে এই চারটি বিমান কমে যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এর আগে গত বছরের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের এক সংঘাত শুরু হয়েছিল। ওই সংঘাতে যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলে উভয় দেশের বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে। ১০ মে মার্কিন মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
সংঘাতের পরপরই পাকিস্তান দাবি করেছিল যে তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রাফালও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের হামলায় চারটি রাফালসহ মোট সাতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। অন্যদিকে ভারত ছয়টি বিমান ভূপাতিত হওয়ার দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেও কয়েকটি বিমান হারানোর কথা স্বীকার করেছিল।
ফরাসি গোয়েন্দা সূত্রের বরাве জানা যায় যে পাকিস্তানের হামলায় অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছিল। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে এই সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা জানিয়েছেন। তা সত্ত্বেও নিখোঁজ বা ধ্বংস হওয়া যুদ্ধবিমানের সঠিক সংখ্যা নিয়ে ভারত ও পাকিস্তানের বিবৃতির মধ্যে এখনো অমিল রয়েছে।





































