ডেস্ক রিপোর্ট: মানব বিবর্তনের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজাতি হোমো ইরেক্টাস সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছেন গবেষকরা। চীনের দুটি গুহা থেকে উদ্ধার হওয়া জীবাশ্মের আটটি দাঁত বিশ্লেষণ করে প্রাচীন এই মানব প্রজাতি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। দক্ষিণ চীনের গুয়াংশি প্রদেশের বাক্সিয়ান ও নাক্সিয়ান গুহা থেকে এই দাঁতগুলো আবিষ্কার করা হয়েছে। গবেষকদের মতে, দাঁতগুলোর বয়স প্রায় ৩ লাখ ২৪ হাজার থেকে ১ লাখ ৮৪ হাজার বছরের পুরনো।
এই নতুন আবিষ্কারের ফলে প্রথমবারের মতো প্রমাণিত হয়েছে যে হোমো ইরেক্টাস প্রজাতিটি চিরহরিৎ অরণ্যের পরিবেশেও বসবাস করত। এর আগে ধারণা করা হতো যে ইউরেশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় চার লাখ বছর আগেই এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে তারা আগের ধারণার চেয়েও অনেক দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে টিকে ছিল। আকার এবং প্রাচীন প্রোটিন বিশ্লেষণ করে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে দাঁতগুলো হোমো ইরেক্টাস প্রজাতিরই।
গবেষণার নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়ার ম্যাককোয়্যারি ইউনিভার্সিটির ভূ-কালনির্ধারণবিদ কিরা ওয়েস্টওয়ে জানান, তারা এমন এক প্রতিকূল পরিবেশে এই প্রজাতির টিকে থাকার প্রমাণ পেয়েছেন যা তাদের সঙ্গে মানানসই বলে মনে করা হতো না। দাঁতে থাকা স্ট্রনটিয়াম মৌলের মাত্রা বিশ্লেষণ করে গবেষকরা ধারণা করছেন যে এই জনগোষ্ঠীর সদস্যরা বড় এলাকা জুড়ে বিচরণ করত। ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনের আণবিক নৃবিজ্ঞানী ফ্রিডো ওয়েলকার উল্লেখ করেন যে হোমো ইরেক্টাসের সঙ্গে উন্নত পাথরের হাতিয়ার তৈরি এবং আগুনের ব্যবহারের মতো বিষয়গুলো যুক্ত ছিল।
বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচার-এ প্রকাশিত এই গবেষণাটি প্রাচীন মানুষের টিকে থাকার সক্ষমতা সম্পর্কে আমাদের ধারণাকে পাল্টে দিচ্ছে। গবেষকরা বলছেন, প্রজাতিটি পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ দক্ষতা দেখিয়েছিল যা সাধারণত আধুনিক মানুষের ক্ষেত্রে দেখা যায়। জীবাশ্মের সময়কাল পর্যালোচনা করে গবেষকরা ধারণা করছেন যে হোমো ইরেক্টাস পুরোপুরি বিলুপ্ত হওয়ার পরই আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্সরা ওই অঞ্চলে পৌঁছেছিল।





































