স্বাস্থ্য ডেস্ক: গভীর রাতে ঘুমানোর সময় পায়ের পেশিতে হঠাৎ তীব্র টান বা ক্র্যাম্প ধরার যন্ত্রণায় অনেকেই ভোগেন। গোড়ালির ওপর বা পায়ের মাংসপেশিতে এই মোচড় দিয়ে ওঠার অনুভূতি অত্যন্ত বিরক্তিকর ও কষ্টদায়ক। ঠান্ডা আবহাওয়া বা শীতের সময়ে এই সমস্যাটি তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তবে স্বস্তির বিষয় হলো রাতের এই ক্র্যাম্প সাধারণত কোনো বড় স্বাস্থ্যঝুঁকির লক্ষণ নয়।
বিশেষজ্ঞদের মতে, ঘুমের সময় পায়ের ভুল পজিশন এবং দীর্ঘক্ষণ নড়াচড়া না থাকাই এর মূল কারণ। সারা দিন হাঁটাচলার পর রাতে পা সোজা করে গোড়ালি বা আঙুল নিচের দিকে রাখলে কাফ মাসল দীর্ঘ সময় সংকুচিত থাকে। এ ছাড়া দিনের বেলা অতিরিক্ত পরিশ্রম বা নতুন কোনো ভারী কাজও এর জন্য দায়ী হতে পারে।
ঠান্ডা আবহাওয়ায় শরীর তাপমাত্রা ধরে রাখতে রক্তনালি সংকুচিত করে, ফলে পেশিগুলোও স্বাভাবিকের চেয়ে বেশি শক্ত হয়ে যায়। শীতের দিনে অনেকের পানি পানের পরিমাণ কমে যাওয়ায় সামান্য ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দেয়। আবার ভারী কম্বলের ওজনের কারণে ঘুমের মধ্যে পায়ের পাতা নিচের দিকে কুঁকড়ে থাকে, যা পেশিতে টান ধরার আশঙ্কা বাড়িয়ে দেয়।
পেশির এই টান থেকে মুক্তি পেতে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। পা সোজা করে পায়ের আঙুল ও পাতা শিনের দিকে ওপরে লম্বালম্বি টানতে হবে অথবা বিছানা ছেড়ে হালকা হেঁটে নিতে হবে। পেশি শিথিল করতে হালকা হাতে মাংসপেশি ম্যাসাজ করা এবং গরম পানির সেঁক বা হিটিং প্যাড ব্যবহার করা বেশ কার্যকর।




































