আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বারবার যোগাযোগের প্রচেষ্টা কোনো ধরনের সাড়া না দিয়েই এড়িয়ে গেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে এই কূটনৈতিক টানাপোড়েনের নতুন চিত্র প্রকাশ্যে এসেছে। বিগত এক বছরে বিভিন্ন কূটনৈতিক মাধ্যম ও চিঠির মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালালেও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে তা সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ট্রাম্প গত বছর অফিশিয়াল ফোন লাইনসহ অন্যান্য মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর হোয়াইট হাউজের কর্মকর্তারা জাতিসংঘের উত্তর কোরীয় দপ্তরের মাধ্যমে কিমের উদ্দেশ্যে একটি চিঠি পাঠানোর উদ্যোগ নেন। ম্যানহাটনে অবস্থিত ওই দপ্তরের বাইরে মার্কিন কর্মকর্তাদের একটি দল অপেক্ষা করে এক উত্তর কোরীয় কূটনীতিকের হাতে চিঠিটি তুলে দেয়।
তবে পরবর্তীতে জাতিসংঘের একটি বৈঠক চলাকালীন ওই কূটনীতিক চিঠিটি না খুলেই এক মার্কিন প্রতিনিধির কাছে ফেরত দেন। ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনবার সাক্ষাৎ হলেও বর্তমানে পারমাণবিক অস্ত্র ত্যাগের কোনো আগ্রহ দেখাতেন না কিম। এমনকি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক গড়ে তুলতেও কিম জং উন অনিচ্ছুক বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি এশিয়া সফরের সময় ট্রাম্প আরেকটি বৈঠকের আয়োজন করতে চাইলে কিম এমন কিছু শর্ত দেন যা যুক্তরাষ্ট্র মেনে নেয়নি। ২০১৯ সালে তাদের শেষ সাক্ষাতের পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে বর্তমানে সলিড-ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতেও সক্ষম।


































