জাতীয় ডেস্ক: ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যালোচনার জন্য ঢাকায় যৌথ নদী কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দুই দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। যৌথ নদী কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ বছর মেয়াদি এই চুক্তির বাস্তবায়ন নিয়ে এটিই শেষ নিয়মিত সভা হওয়ার কথা রয়েছে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
যৌথ কমিটির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য দুই দেশের যৌথ কমিটির সদস্যদের নিয়ে একটি কমিটি গঠিত হয়েছিল। চলতি বছরের ৮ এপ্রিল ঢাকায় প্রথম এবং ২২ মে কলকাতায় দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার ধারাবাহিকতায় ঢাকায় এই তৃতীয় সভাটি বসে। এই বৈঠকে চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মোড় আনোয়ার কাদির এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির কমিশনের সদস্য শরদ চন্দ্র।
১৯৯৭ সাল থেকে গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে যৌথ কমিটি নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কমিটির অধীনে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন এবং তাদের কার্যক্রম তদারকি করা হয়। নিয়ম অনুযায়ী এসব কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর যৌথ কমিটির তিনটি নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। যার মধ্যে ফারাক্কায় সরেজমিন পরিদর্শন শেষে একটি বৈঠক কলকাতায় এবং হার্ডিঞ্জ সেতু এলাকায় নদী পরিদর্শনের পর আরেকটি বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন সরকারের সঙ্গে ভারতের এই ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়ে থাকে। ৪০ বছরের গড় পানিপ্রবাহের ভিত্তিতে এই পানির হিস্যা নির্ধারিত হয় এবং সংকটকালীন সময়ে বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তা রয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে নতুন চুক্তির বিষয়ে তাগাদা দেওয়া হলেও আলোচনার ব্যাপারে ভারতের কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিতে গত এপ্রিলে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিল বাংলাদেশ। পরবর্তীতে গত জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে আলোচনার প্রস্তাব দেয় এবং আগস্টে এ বিষয়ে তাগিদপত্রও পাঠানো হয়। কিন্তু ভারতের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার মুহূর্তে এই স্থবিরতা দুই দেশের পানিবণ্টন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।



































