তোমার চোখের ভেতর নদী
বাইজীদ সা’দ
তোমার চোখের ভেতর এক নদী বইছে,
সাঁতার না জেনেও যে নদীতে ডুবে থাকি আমি।
সে কথা তোমাকে কখনোই বলা হয়নি,
তুমি হয়তো ভাবো, আমি চুপ করে আছি;
অথচ তোমার কাছে এলে আমার সব কথা থেমে যায়।
তোমার হাসির ভেতর এক রোদেলা সকাল,
যা আমার সব রাতকে ভোর করে দেয়।
সে কথা তোমাকে কখনোই বলা হয়নি,
তুমি হয়তো ভাবো, আমি চুপ করে আছি;
অথচ তোমার হাসি দেখলে আমার সব ভাষা হারিয়ে যায়।
কখনো খুব সাধারণ কোনো দিনে
হঠাৎ তোমার কথা মনে পড়ে।
ভাবি, তোমাকে বলার মতো কত কথা জমে আছে,
অথচ সামনে পেলে
কী আশ্চর্য, কিছুই বলা হয়ে ওঠে না।
আর তোমার নামের উচ্চারণেই
আমি খুঁজে পাই বাড়ি ফেরার রাস্তা।
পৃথিবীর যত পথই অচেনা হোক,
তোমার কাছেই যেন আমার ফেরার ঠিকানা।
তোমাকে ঘিরে আমার চাওয়া খুব বেশি নয়
শুধু কখনো আমার নীরবতার কারণটুকু বুঝে নিও।
তোমার চোখের ভেতর যে নদী বইছে,
আমি আজও তার তীরে দাঁড়িয়েই ডুবে যাই,
নিজের অজান্তেই তাকিয়ে থাকি তোমার দিকে।





































