স্বাস্থ্য ডেস্ক: মুখের দুর্গন্ধ বা হ্যালিটোসিস এমন একটি সমস্যা, যা জীবনের কোনো না কোনো সময় প্রায় প্রত্যেকেই অনুভব করে থাকেন। কারও ক্ষেত্রে এটি সাময়িক হলেও অনেকের জন্য এটি প্রতিদিনের অস্বস্তি এবং সামাজিক মেলামেশায় নেতিবাচক প্রভাব ফেলে। চিকিৎসাবিজ্ঞানে এটিকে সাধারণ মনে করা হলেও অনেক সময় এটি দাঁত ও মাড়ির রোগ কিংবা শরীরের অন্য কোনো জটিল স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে।
মুখের ভেতরের ব্যাকটেরিয়া উপস্থিতি, দাঁতে জমে থাকা খাদ্যকণা এবং মুখ ও দাঁতের অপরিচ্ছন্নতা হলো এই সমস্যার সবচেয়ে সাধারণ কারণ। এ ছাড়া জিবের পেছনের অংশে ময়লা জমা, টনসিলে প্রদাহ কিংবা টনসিল স্টোনের কারণেও দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। সাইনাসের দীর্ঘস্থায়ী ব্যথা, শ্বাসতন্ত্রের সংক্রমণ, অ্যাসিড রিফ্লাক্স এবং কিডনি বা লিভারের গুরুতর রোগের কারণেও নিশ্বাসের গন্ধে পরিবর্তন দেখা দিতে পারে।
নিয়মিত দাঁত পরিষ্কার করার পরও যদি মুখের দুর্গন্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। বিশেষ করে দুর্গন্ধের সঙ্গে মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, দাঁতে ব্যথা, দাঁত নড়ে যাওয়া বা মুখ অতিরিক্ত শুষ্ক থাকার মতো লক্ষণ দেখা দিলে ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে। এ ছাড়া মুখের কোনো ঘা দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে তা গুরুতর রোগের লক্ষণ হতে পারে বিধায় সতর্ক থাকা জরুরি।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এই সমস্যার চিকিৎসা মূলত নির্ভর করে এর পেছনের মূল কারণের ওপর। মুখগহ্বরের ভেতরের সমস্যার ক্ষেত্রে ডেন্টাল সার্জন যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা প্রদান করে থাকেন। চিকিৎসার পাশাপাশি সঠিক নিয়মে মুখ ও দাঁতের যত্ন নেওয়া এবং প্রতিদিনের কিছু অভ্যাসে পরিবর্তন আনলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।




































