অপরাধ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের গোঘাট এলাকায় চুরি করতে গিয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন এক ব্যক্তি। গভীর রাতে পরপর কয়েকটি দোকানে হানা দেওয়ার একপর্যায়ে তার তীব্র খিদে পেয়ে যায়। এরপর একটি চায়ের দোকানে প্রবেশ করে তিনি নিজেই ডিম ভেজে মুড়ি খান।
অভিযুক্ত ওই চোরের নাম রাজা বাউড়ি এবং তার বাড়ি তারকেশ্বর থানার কুলতেঘড়ি এলাকায়। খাবার শেষে তিনি নিজ হাতে চা বানিয়ে পান করেন এবং গ্যাসের চুলা বন্ধ করে বাসনপত্র গুছিয়ে রাখেন। পরে পরবর্তী দোকানে চুরি করতে গিয়ে তিনি ভেতরে আটকা পড়েন।
দোকানের ভেতরে শব্দ পেয়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা এগিয়ে এসে তাকে ধরে ফেলেন। পরবর্তীতে খবর পেয়ে দোকানমালিকেরা সেখানে উপস্থিত হন এবং পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি চুরির পাশাপাশি দোকানঘরে ডিম ভেজে খাওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চুরির আতঙ্ক ও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।



































