খেলা ডেস্ক: ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনা ব্যর্থ হলেও এই প্রকল্প এগিয়ে নিতে গিয়ে প্রাথমিক পর্যায়ে যথেষ্ট খরচ হয়েছিল। এই প্রতিষ্ঠার খরচ পুষিয়ে নিতে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাবের কাছে আর্থিক দাবি জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট রেয়াল মাদ্রিদ। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। গণমাধ্যম দা অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, এই মোট খরচের পরিমাণ প্রায় আট কোটি ইউরো পর্যন্ত হতে পারে।
প্রস্তাবিত প্রতিযোগিতাটি চালুর পরপরই তীব্র প্রতিবাদের মুখে পড়েছিল এবং প্রতিষ্ঠাতা ক্লাবগুলোর অনেকেই দ্রুত সরে দাঁড়িয়েছিল। ২০২১ সালে টুর্নামেন্টটি চালুর মোটে তিন দিনের মধ্যে যে নয়টি ক্লাব নিজেদের নাম প্রত্যাহার করে নেয়, তার মধ্যে এই ছয়টি ইংলিশ ক্লাব অন্তর্ভুক্ত ছিল। ক্লাবগুলো হলো আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার। তবে এসি মিলান, ইন্টার মিলান এবং আতলেতিকো মাদ্রিদের মতো বাকি তিনটি দল থেকেও এমন অর্থ চাওয়া হচ্ছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি রিয়াল।
স্প্যানিশ ক্লাবটির ভাষ্য অনুযায়ী, সুপার লিগ প্রতিষ্ঠার প্রাথমিক কার্যক্রমের সমস্ত খরচ মূলত এখন পর্যন্ত ইউভেন্তুস, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদই বহন করে আসছে। তাই প্রতিযোগিতাটি থেকে আগেভাগে সরে যাওয়া এই ছয়টি ইংলিশ ক্লাবের ওপরই সেই খরচের দায় বর্তায়। জানা গেছে, অংশগ্রহণকারী ক্লাবগুলো সুপার লিগের হোল্ডিং কোম্পানির সঙ্গে একটি শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষর করেছিল। তবে ওই চুক্তিতে প্রস্তুতিমূলক ব্যয়ের জন্য দলগুলোর সুনির্দিষ্ট দায়বদ্ধতার কোনো স্পষ্ট উল্লেখ ছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
ব্যাপক বিরোধিতার মুখে নয়টি দল সরে দাঁড়ালে সুপার লিগের উদ্যোগটি তখনই ভেস্তে যায় এবং পরবর্তীতে ইউভেন্তুস ও বার্সেলোনাও এই প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের গুটিয়ে নেয়। ফলে বর্তমানে কেবল রিয়াল মাদ্রিদই এই বিতর্কিত প্রকল্পের একমাত্র প্রতিষ্ঠাতা ক্লাব হিসেবে টিকে রয়েছে। এদিকে রিয়াল মাদ্রিদ, উয়েফা এবং ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো নিজেদের মধ্যকার সমস্ত আইনি বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সম্প্রতি একটি পারস্পরিক নীতিগত চুক্তিতে পৌঁছেছে। অন্যদিকে, রিয়ালের পক্ষ থেকে অর্থ দাবির বিষয়ে টটেনহ্যাম মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং প্রিমিয়ার লিগের বাকি দলগুলোও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।






































