গণতান্ত্রিক ছাত্রকাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থান পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থী। নবনির্বাচিত কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী সুজয় শুভ এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় দিনব্যাপী গণতান্ত্রিক ছাত্রকাউন্সিলের প্রথম জাতীয় সম্মেলন ও দ্বিতীয় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ‘শিক্ষার পণ্যায়ন নয়, পুঁজির দাসত্ব নয়, চাই আপসহীন শ্রেণিসংগ্রাম’—এই স্লোগানকে সামনে রেখে সম্মেলনটি আয়োজন করা হয়।
সম্মেলনের মধ্য দিয়ে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। বিদায়ী সভাপতি ছায়েদুল হক নিশান নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। কমিটির একটি সদস্যপদ পরবর্তী সময়ে কো-অপ্ট করার জন্য শূন্য রাখা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন ফাহিম আহমদ চৌধুরী, সহসভাপতি তানজিনা বেগম, সাধারণ সম্পাদক সুজয় শুভ, সাংগঠনিক সম্পাদক স্কাইয়া ইসলাম, অর্থ সম্পাদক রাকিব মাহমুদ, দপ্তর সম্পাদক ধ্রুব বড়ুয়া, স্কুলবিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং সাংস্কৃতিক সম্পাদক ভূমিকা সরকার। এ ছাড়া সদস্য হয়েছেন শ্রীকান্ত বিশ্বাস, বিপুল কর্মকার ও শোয়েবুর রেজা চৌধুরী।
উল্লেখ্য, সুজয় শুভ গত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ভূমিকা সরকার বর্তমানে গণতান্ত্রিক ছাত্রকাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।




































