প্রবাস ডেস্ক: ইতালির ভেনিসে পশ্চিমা জীবনযাপন এবং পছন্দের পোশাক পরার কারণে বাংলাদেশি এক নারী ও তার মেয়ে দীর্ঘ সময় ধরে পারিবারিক ও সামাজিক নির্যাতনের শিকার হয়েছেন। ইতালির স্থানীয় সংবাদমাধ্যম ইল গাজেত্তিনো প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির আইন অনুযায়ী ভুক্তভোগী মা ও মেয়ের পরিচয় গোপন রাখা হয়েছে। নিজেদের পছন্দমতো জীবনযাপনের চেষ্টা করায় তাদের ওপর এই হয়রানি চালানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেয়েটি পশ্চিমা ধারা অনুসরণ করতে চাইলে তার ওপর পারিবারিক চাপ সৃষ্টি করা হয়। মেয়ের পক্ষে অবস্থান নেওয়ায় তার মাকেও দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে। একপর্যায়ে ওই নারীর গায়ে ব্লিচিংজাতীয় রাসায়নিক পদার্থ ঢেলে পুড়িয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হলে ভুক্তভোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযোগ পাওয়ার পর প্রায় এক বছর আগে অভিযুক্ত স্বামী ও বাবা বাংলাদেশে চলে যান। তবে দেশটিতে গিয়েও তিনি শান্ত হননি বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি তাদের অপমানজনক মন্তব্য ও নানা ধরনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে ভুক্তভোগী নারী ও তার মেয়ে পুনরায় সহায়তার জন্য প্রশাসনের কাছে গেছেন।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, হিজাব না পরা এবং নিজেদের ইচ্ছেমতো জীবন পরিচালনার কারণে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কিছু মানুষের কাছ থেকেও তারা বিদ্রুপের শিকার হচ্ছেন। তরুণী মেয়েটি তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ইচ্ছুক। ভেনিসের সাংস্কৃতিক কর্মী রিতু মিয়া এই বিষয়ে মন্তব্য করেছেন যে, কাউকে জোর করে হিজাব পরানো বা খোলা দুটোই অন্যায়। তিনি অপরাধীদের বিচারের পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ইতালির রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিরা এই ঘটনার পর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আন্না মারিয়া চিসিন্ত এই ঘটনাকে উগ্রপন্থার প্রভাব হিসেবে উল্লেখ করে একে দেশটির মূল্যবোধের পরিপন্থী বলেছেন। অন্যদিকে ভেনিস ও মেস্ত্রের গ্র্যান্ড মসজিদের পরিচালক প্রিন্স হাওলাদার মুসলিমদের ধর্ম পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এই ঘটনার মাধ্যমে ইতালিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক সহাবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





































