বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ ‘ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেশিয়ামে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রতিযোগিতার সদস্য-সচিব কৃষিবিদ মোঃ আসাদুল হক সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ূন কবির। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিস ছাত্রী বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দল, রানারআপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দল এবং ৩য় স্থান অধিকার করে রাজশাহী বিশ্ববিদ্যালয় দল।
অপরদিকে টেবিল টেনিস প্রতিযোগিতায় ছাত্র বিভাগ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় দল, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দল রানারআপ এবং ৩য় স্থান অধিকার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্রী বিভাগে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দল রানারআপ এবং ৩য় স্থান অধিকার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল।
অপরদিকে একই প্রতিযোগিতায় ছাত্র বিভাগে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দল রানারআপ ও ৩য় স্থান দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয় দল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি যারা বিজয়ী এবং বিজিত হয়েছেন এবং যারা অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতাকে সুন্দর করেছেন তাদের সবাইকে। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাটি আমরা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।
উল্লেখ্য, দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৩০৭ জন খেলোয়াড় এ আসরে অংশ নেন।
ব্যাডমিন্টন ছাত্র বিভাগে ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং ব্যাডমিন্টন ছাত্রী বিভাগে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে টেবিল টেনিসে ছাত্র বিভাগে ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৮ টি ম্যাচ এবং ছাত্রী বিভাগে ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়।


















