জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।
গত শনিবার (১৭ অক্টোবর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মনছুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান একজন বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এবং সমাজ ও রাজনীতিসচেতন মানুষ হিসেবে পরিচিত। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা, বিচক্ষণতা ও সুস্পষ্ট আদর্শিক অবস্থান তাঁকে নিজ নিজ ক্ষেত্রে স্বতন্ত্র পরিচিতি দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জিয়া পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাঁর এসব গুণাবলি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর চিন্তাভাবনা এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি প্রধান তথ্য কমিশনার হিসেবে অর্পিত দায়িত্ব নিষ্ঠা, দক্ষতা ও সাফল্যের সঙ্গে পালনে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতা শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।
বিবৃতিতে প্রত্যাশা করা হয়, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের সক্রিয় ও দূরদর্শী ভূমিকার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আধুনিক, গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে যাবে।
পরিশেষে সংগঠনটি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, জিয়া পরিষদ মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং পেশাজীবীদের একটি সংগঠন।




































