ফুটবল বিশ্ব যখন ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনায় মগ্ন, ঠিক তখনই গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিস-এর গোলকিপার সেলিম খাদের আল-আশকার (৩২) নিহত হয়েছেন।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন।
আল-আশকার তার ক্যারিয়ারে খাদামাত খান ইউনিস ছাড়াও আল-আকসা ও আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। স্থানীয় ফুটবলে তিনি একজন পরিচিত ও জনপ্রিয় গোলরক্ষক ছিলেন।
ব্যক্তিগত জীবনেও নতুন স্বপ্ন বুনছিলেন এই ফুটবলার। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। পরিবারের সাত ভাইবোনের মধ্যে একমাত্র ছেলে ছিলেন আল-আশকার। ফলে তার মৃত্যু পরিবারটির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।
ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ক্রীড়া অঙ্গনের ১,০০৯ জন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বিশ্বকাপের উন্মাদনার মাঝেও এই মর্মান্তিক ঘটনা আবারও গাজার চলমান মানবিক সংকট এবং সংঘাতের ভয়াবহ প্রভাবের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।






















