‘ইতিহাস জানি, ঐতিহ্যে গর্ব করি, ভবিষ্যৎ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর ৪০৫ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবীনদের উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে ইতিহাস বিভাগের পরিবেশ। শিক্ষকরা বিভাগের শিক্ষা কার্যক্রম, একাডেমিক শৃঙ্খলা, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ বলেন, “আজ ইতিহাস বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এ বিভাগের পথচলা সহজ ছিল না; নানা প্রতিকূলতা অতিক্রম করে আজ আমরা একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি। তোমরা আজ নবীন, একদিন তোমরাই এই বিভাগের গর্ব ও পরিচয় হয়ে উঠবে। আমরা মানসম্মত শিক্ষা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। তোমরাই ইতিহাস বিভাগের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার বিশ্বাস, তোমাদের সাফল্যের মধ্য দিয়েই এ বিভাগ দেশের অন্যতম সেরা ইতিহাস বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে নবীনদের সঙ্গে পরিচয়পর্ব ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ছামিউল/পাবিপ্রবি




























