লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন ৩নং চর পোড়া গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদের মাষ্টার।
আগামী ২বছর মেয়াদের জন্য উপজেলা বিএনপি’র ৩১সদস্য বিশিষ্ট নতুন এই নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি এবং সাধারণ সম্পাদককে আগের পদে বহাল রেখেই নতুন এই কমিটি গঠন করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর -৪ রামগতি -কমলনগর সংসদীয় আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এ কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ জুয়েল।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল কাদের মাষ্টার বলেন, রামগতি উপজেলার পরীক্ষিত ও ত্যাগী নেতাদের যথার্থ মূল্যায়ন করার জন্য জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং রামগতি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি বলেন, এই দলের জন্য জেল জুলুমের শিকার হয়েছি। দুর্দিনের মতো ভবিষ্যতেও জীবনের সর্বোচ্চটুকু ত্যাগ স্বীকার করে বিএনপি এবং রামগতির মাটি ও মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।



























