চলচ্চিত্রপ্রেমীদের ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে নাখালপাড়া ফিল্ম সোসাইটি আয়োজিত বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত এটিই ছিল প্রথম বড় পরিসরের কোনো উদ্যোগ। তবে প্রথমবারের এই আয়োজনেই দর্শকদের এমন আন্তরিক সাড়া ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে আয়োজকরা দারুণ আনন্দিত ও অনুপ্রাণিত।
আয়োজন প্রসঙ্গে নাখালপাড়া ফিল্ম সোসাইটির সভাপতি ও নির্মাতা নিয়ামুতুল ইসলাম শান্ত বলেন, ‘আমরা প্রথমবারের মতো এ ধরনের একটি আয়োজন করেছি। দর্শকদের আগ্রহ, উপস্থিতি ও আন্তরিক সাড়া আমাদের সত্যিই আনন্দিত করেছে। আমরা চাই, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও নিয়মিত ও বৃহৎ পরিসরে পরিচালনা করতে। তরুণ নির্মাতা ও চলচ্চিত্রকর্মীদের সৃষ্টিশীল কাজ দর্শকদের সামনে তুলে ধরার পাশাপাশি চলচ্চিত্র নিয়ে আলোচনা ও চর্চার একটি সুন্দর পরিবেশ তৈরি করাই আমাদের অন্যতম মূল লক্ষ্য।’
তিনি আরও জানান, এই আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে থেকে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি সংগঠনটি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষভাবে ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস’ (Friendly Neighbourhood Filmmakers) ও আহমেদ হাসান সানিকে ধন্যবাদ জানান তারা। একই সঙ্গে আয়োজনটির সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় পাশে থাকার জন্য ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার’ এবং অক্লান্ত পরিশ্রম করা নাখালপাড়া ফিল্ম সোসাইটির সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নাখালপাড়া ফিল্ম সোসাইটির প্রত্যাশা, এই প্রথম আয়োজনের অভিজ্ঞতা ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ভবিষ্যতে আরও নিয়মিত ও মানসম্মত চলচ্চিত্রভিত্তিক কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে তরুণ টিমটিকে নিরন্তর অনুপ্রাণিত করবে।



































