গাজীপুর থেকে নিখোঁজ হওয়ার এক মাস পর সৌরভ আহমেদ নামে ২০ বছর বয়সী এক যুবকের কঙ্কাল মাদারীপুরের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ঘটনায় সৌরভের মায়ের করা মামলার সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ রবিউল ইসলাম ও শাহিন মুন্সি নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সৌরভকে হত্যার দায় স্বীকার করেছেন।
তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, নিহতের বোন নুপুরের সঙ্গে রবিউল ইসলামের দাম্পত্য কলহ চলছিল। নুপুর তার স্বামীর সংসার ছেড়ে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে রবিউল ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই আক্রোশ থেকেই শ্যালক সৌরভকে হত্যার পরিকল্পনা করেন তিনি।
৮ হাজার টাকা চুক্তিতে শাহিনসহ আরও কয়েকজনের সহায়তায় গত ৩ আগস্ট সৌরভকে কৌশলে মাদারীপুরের রাজৈরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে একটি ডোবায় ফেলে দেওয়া হয়েছিল।
পুলিশ এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে এবং জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
















