অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সাম্প্রতিক সময়ে টানা চতুর্থ দফায় মূল্যবান এই ধাতুটির মূল্য হ্রাস পেল। বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকার কিনতে এখন ৩ হাজার ৩২৪ টাকা কম খরচ পড়বে। সকাল ৯টায় অনুষ্ঠিত বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর করা হয়েছে।
সংশোধিত দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগের দিন এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনার দাম কমানো হলেও রুপার পূর্বনির্ধারিত দাম অপরিবর্তিত রাখা হয়েছে।





































