প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রবাসী সাহিত্য ও সংস্কৃতিচর্চা কেন্দ্র ‘ঊনবাঙাল’-এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সংগীত ও সাহিত্যভিত্তিক বিশেষ আয়োজন ‘সপ্তসুর’। দীর্ঘ তিন মাসের ব্যাপক প্রস্তুতি শেষে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বাংলা গানপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রবাসের মাটিতে নিজস্ব সংস্কৃতির শেকড় ছড়িয়ে দিতেই এই জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল।
সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগীত বিভাগের পরিচালক মিতা হোসেনের নির্দেশনায় এই পরিবেশনা সাজানো হয়। অনুষ্ঠানে সাতজন বরেণ্য সুরস্রষ্টার মোট তেইশটি কালজয়ী গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন ফকির, দ্বিজেন্দ্রলাল রায়, হাসন রাজা, শাহ আব্দুল করিম ও রাধারমণ দত্তের গানগুলো শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা কবি কাজী জহিরুল ইসলাম। এরপর মঞ্চে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুর আহমদ এবং ‘সাপ্তাহিক বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক ওয়াজেদ এ খান। অতিথিরা প্রবাসে শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে বাঙালি সংস্কৃতির শেকড় টিকিয়ে রাখার এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সংগীতের পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠের পর্ব। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা ও উপস্থাপনা করেন শাহীনূর শাণূ নদী। নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠান প্রবাসে বাংলা সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।


































