লাইফস্টাইল ডেস্ক: মানুষের দাঁত গজানোর পর থেকেই তা ভালো রাখা এবং টিকিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী, খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দ থেকেই দন্তচিকিৎসার চর্চা শুরু হলেও সাধারণ মানুষের নাগালে পেশাদার সেবা পৌঁছাতে বহু শতাব্দী সময় লেগেছে। অতীতে দীর্ঘ সময় ধরে চুল কাটার পাশাপাশি নাপিতরাই দাঁত তোলার কাজটিও করতেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে দাঁতের যত্ন নেওয়াটা ছিল মানুষের একান্তই ব্যক্তিগত ও ঘরোয়া একটি বিষয়। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগে এসে দাঁত পরিষ্কারের সরঞ্জাম ও উপকরণে এসেছে ব্যাপক বিবর্তন।
আধুনিক টুথব্রাশ আবিষ্কারের আগে মানুষ গাছের চিকন ডাল বা চিউ স্টিক চিবিয়ে ব্রাশের মতো ব্যবহার করত, যার প্রচলন বিশ্বের বহু সংস্কৃতিতে আজও রয়েছে। তাং রাজবংশের শাসনামলে চীনে আধুনিক টুথব্রাশের উদ্ভব ঘটে, যেখানে বাঁশ বা হাড়ের তৈরি হাতলে শূকরের ঘাড়ের শক্ত লোম ব্যবহার করা হতো। ১৭৮০ সালে জেলে বন্দী থাকা অবস্থায় ইংরেজ উদ্যোক্তা উইলিয়াম অ্যাডিস বাণিজ্যিকভাবে প্রথম টুথব্রাশের নকশা তৈরি করেছিলেন। এরপর ১৯৩৮ সালে বাজারে আসে নাইলনের ব্রিসলযুক্ত ব্রাশ এবং ১৯৫৪ সালে সুইস বিজ্ঞানী ফিলিপ-গাই উগ ইলেকট্রিক ব্রাশ উদ্ভাবন করেন।
টুথব্রাশের অনেক আগেই প্রাচীন মিশরে টুথপেস্ট বা মাজন ব্যবহারের প্রচলন শুরু হয়েছিল। খ্রিষ্টপূর্ব ৩ হাজার থেকে ৫ হাজার অব্দের দিকে মিশরিয়রা ষাঁড়ের খুরের ছাই, গন্ধরস, ডিমের খোসা এবং ঝামা পাথরের গুঁড়ো দিয়ে মাজন তৈরি করত। পরবর্তীতে পারস্যবাসীরা এতে শামুক ও ঝিনুকের পোড়া খোসল এবং মধু যোগ করেছিল। ১৮৮০-এর দশকে দন্তচিকিৎসক ওয়াশিংটন ওয়েন্টওয়ার্থ শেফিল্ড প্রথম চিপে বের করা যায় এমন টিউবে টুথপেস্ট ভরার ধারণা দেন। এর অনেক পরে ১৯৫৫ সালে বাজারে আসে দাঁতের ক্ষয় রোধে দারুণ কার্যকর ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট।
দাঁত পরিষ্কারের সরঞ্জাম হিসেবে প্রাগৈতিহাসিক যুগ থেকেই টুথপিকের ব্যবহার হয়ে আসছে যা একসময় আভিজাত্যের প্রতীকে পরিণত হয়েছিল। ভিক্টোরীয় যুগে ধনীদের মধ্যে সোনা ও রুপার তৈরি টুথপিক বেশ জনপ্রিয় ছিল এবং পরে মেশিনের সাহায্যে কাঠের টুথপিক তৈরির মাধ্যমে তা সাধারণ মানুষের নাগালে আসে। এছাড়া উনিশ শতকে মোম মাখানো রেশমি সুতা দিয়ে ডেন্টাল ফ্লসের জনপ্রিয়তা শুরু হয়, যা পরে নাইলনের ফ্লস এবং ওয়াটারপিকের মাধ্যমে আরও উন্নত হয়। নিজেদের যত্ন নেওয়ার সচেতনতা, আধুনিক দন্তচিকিৎসা এবং ফ্লোরাইডের সঠিক ব্যবহারের ফলে মানুষের দাঁতের স্বাস্থ্যে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে।




































