প্রযুক্তি ডেস্ক: চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে প্রযুক্তি বিভাগে বর্ষসেরা উদ্ভাবনের পুরস্কার অর্জন করেছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড। সম্প্রতি কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ারের প্রযুক্তি ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে প্রতিষ্ঠানটি। ডেমোক্রেটাইজিং গোল্ড সেভিং প্রজেক্টের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির তিন প্রতিষ্ঠাতা কামরান সাঞ্জয় রহমান, রাফাতুল বারী লাবিব এবং আতেফ হাসান ঈসা যৌথভাবে এই পুরস্কার গ্রহণ করেন। ফিনটেক অ্যাওয়ার্ডসের এই আসরে টানা দ্বিতীয়বারের মতো কোনো স্বীকৃতি অর্জন করল এই প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষের জন্য স্বর্ণ সঞ্চয় প্রক্রিয়া সহজলভ্য করার স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে দৈনিকে নির্ধারিত বাজারদরে ২২ ক্যারেট হলমার্কযুক্ত স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। গ্রাহকরা ধাপে ধাপে টাকা জমা রেখে সঞ্চিত স্বর্ণের পরিমাণ অনুযায়ী বার বা মুদ্রা আকারে তা তুলতে পারেন। আধা গ্রাম থেকে শুরু করে ১০ গ্রাম ওজনের বিভিন্ন স্বর্ণের বার বা মুদ্রা উত্তোলনের এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
স্বর্ণ সঞ্চয়ের ক্ষেত্রে প্রাথমিক আর্থিক প্রতিবন্ধকতা দূর করে মানুষের সামর্থ্য অনুযায়ী সঞ্চয় নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে সম্পৃক্ত করে দেশজুড়ে স্বর্ণ সঞ্চয় বিষয়ে একটি প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি। এই প্রচার কার্যক্রম চলমান থাকা অবস্থাতেই এলো ফিনটেক খাতের এই বড় স্বীকৃতি।






































