জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী হলসমূহের অসহনীয় যানবাহনের শব্দ দূষণ রোধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন অধিদপ্তর থেকে আগত টিম ফজিলতুন্নেসা হল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা জানায়, ছাত্রীদের জন্য নব নির্মিত আবাসিক হলগুলো ঢাকা-আরিচা সড়কের খুব সন্নিকটে হওয়ার ফলে হলগুলোতে তাদের অসহনীয় শব্দ দুষণ পোহাতে হচ্ছে। এছাড়াও এই সড়কে চলাচলকারী বাস-গাড়িগুলোর হর্ণ তাদের লেখা-পড়ায় বিঘ্ন সৃষ্টি করছে।
এ সময় উপাচার্য বলেন, বাস-গাড়ির হর্ণ নিয়ন্ত্রনের জন্য সড়কে কিছু দূর অন্তর অন্তর ‘নো হর্ণ’ প্লাকার্ড লাগানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ে যোগাযোগ করার ফলে আজ তাদের পরিদর্শন টিম সংশ্লিষ্ট ছাত্রী হল এবং অন্যান্য স্থানগুলো পরিদর্শন করেছেন।
উপাচার্য বলেন, ছাত্রী হল সংলগ্ন ঢাকা-আরিচা সড়কের পাশে বিশ্ববিদ্যালয়েরে সীমানা প্রাচীরের ভেতর-বাইরে শব্দ দূষণ রোধকল্পে গাছ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য প্রতিটি আবাসিক হলে গ্রীন ক্লাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আবাসিক হল পরিদর্শনের পর উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন অধিদপ্তর থেকে আগত টিম ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ছাত্রীহলগুলোর শব্দ দূষণের অবস্থা অনুধাবনের জন্য সরেজমিন পরিদর্শন করেন।
এ পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন অধিদপ্তর থেকে আগত টিম এর মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা মহানগর) ফরিদ আহমেদ, ঢাকা অঞ্চলের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার এবং পরিবেশ, বন এবং জলবায়ূ পরিবর্তন বিভাগের উপ-পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা জেলার উপ-পরিচালক মো. ইলিয়াস
এ ছাড়াও হলের ওয়ার্ডেন, হল সুপার এবং বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


































