প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙালিদের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে এই বর্ণিল মেলার আয়োজন করা হয়। বাংলা গান, নাচের ছন্দ এবং দেশীয় খাবারের ঘ্রাণে পুরো উৎসব প্রাঙ্গণ এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। দূরপ্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতির এই আমেজ উপস্থিত দর্শকদের মাঝে দারুণ আনন্দের সৃষ্টি করে।
দিনব্যাপী এই আয়োজনের সাংস্কৃতিক পর্বে দেশ ও বিদেশ থেকে আসা শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। মূল মঞ্চে সাকিনা আক্তারের সঞ্চালনায় গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী রবি চৌধুরী, প্রিয়াঙ্কা, সাগর বাউল ও সিথী। পাশাপাশি স্বপ্ন ব্যান্ড, ভবের হাট এবং স্থানীয় শিল্পীদের গান ও নাচ এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে।
মেলার মাঠে দেশীয় পোশাক, ফ্যাশন সামগ্রী, ঐতিহ্যবাহী খাবার এবং বহুসাংস্কৃতিক বিভিন্ন ব্যবসার প্রদর্শনীর জন্য একাধিক স্টল সাজানো হয়েছিল। এছাড়া ক্যাম্পবেলটাউন ঈগল স্পোর্টসের পরিচালনায় শিশু-কিশোরদের জন্য খেলাধুলা ও নানা রাইডের সুব্যবস্থা রাখা হয়। এসব আকর্ষণ ছোটদের মেলা ভ্রমণকে আরও বেশি আনন্দময় ও উপভোগ্য করে তোলে।
বিকেলে মেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এবং ফেয়ারফিল্ডের সাংসদ ডেভিড সালিবা। সিসিএ-র সভাপতি সাইফ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহ ও নির্বাহী সদস্য ইরফান ফয়েজের নেতৃত্বে সংগঠনের নেতারা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় স্থানীয় কাউন্সিলর ও সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও সেখানে উপস্থিত ছিলেন।






































