প্রবাস ডেস্ক: সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের উদ্ধার করে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্প্রতি সংঘটিত এই হামলায় মোট ২৪ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই হতাহতের ঘটনা ও চিকিৎসাধীন ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে। ওমরাহ পালন এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা এই হামলার শিকার হন।
প্রবাস ও ওমরাহযাত্রী মিলিয়ে আহত এসব বাংলাদেশিকে রিয়াদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে দুইজন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে একজন আইসিইউতে অচেতন অবস্থায় রয়েছেন। এছাড়া কিং আব্দুল্লাহ হাসপাতালে তিনজন, রিয়াদ মেডিকেল হাসপাতালে দুইজন এবং প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালে একজন চিকিৎসা নিচ্ছেন। সুলাইমান আলহাবিবের বিভিন্ন শাখা ও কিংডম হাসপাতালেও বেশ কয়েকজন আহত বাংলাদেশি চিকিৎসাসেবা নিচ্ছেন।
আহতদের তালিকায় রয়েছেন কিং ফাহাদ মেডিকেল সিটি ও প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রের রোগীরাও। প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে পাঁচজন প্রবাসী বাংলাদেশি কর্মী চিকিৎসাধীন আছেন। এছাড়া এস্টার সনদ, সুলাইমান ফকিহ এবং আলসাহাফা ব্রাঞ্চ হাসপাতালেও কয়েকজন বাংলাদেশি চিকিৎসা গ্রহণ করছেন। দূতাবাস জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা স্থিতিশীল থাকলেও কেউ কেউ নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে হামলার পর আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রিয়াদের বাংলাদেশ মিশন। প্রায় ৫০০ আটকে পড়া যাত্রীকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার পাশাপাশি প্রায় একশ জনকে হোটেলে ও ডরমিটরিতে আবাসন দেওয়া হয়েছে। এছাড়া ওমরাহযাত্রীদের বিশেষ বাসে জেদ্দায় পাঠানো এবং বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের বিকল্প উপায়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ মিশন সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।






































