খেলা ডেস্ক: শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফর্টিস এফসি। কুয়েতের মোহামেদ আল-হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ গোলে পরাজিত করেছে তারা। এই জয়ের মাধ্যমে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের কোনো ক্লাব দল প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল। টুর্নামেন্টের শুরুতে টানা দুই ম্যাচে হেরে আগেই গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছিল।
ম্যাচের শুরুতেই দ্বাদশ মিনিটে প্রতিপক্ষের শেরজাদ মাখামাদিয়েভের নিখুঁত শটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশি দলটি। তবে ১৯তম মিনিটে তাজিক দলের খেলোয়াড় তকাম সেভেরিন সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রেগার-তাদাজ। প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে না পারলেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ফর্টিস। ম্যাচের ৬৭তম মিনিটে পা ওমার বাবুর পাস থেকে রাফায়েল টুডু গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।
সমতা ফেরার ঠিক চার মিনিটের মধ্যে আবারও গোলের দেখা পায় ফর্টিস এফসি। কর্নার কিক থেকে অনন্ত তামাংয়ের হেড পাস পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে নেন শিয়ান কাওয়াসাকি। এরপর ম্যাচের শেষ মুহূর্তে ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন শুকি ইতোফুসা। পা ওমার বাবুর বাড়ানো থ্রু পাস ধরে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে বাম পায়ের নিচু শটে বল জালে পাঠান তিনি।
এর আগে কুয়েতের ক্লাব আল-কাদসিয়ার কাছে ৩-০ গোলে হেরে ‘সি’ গ্রুপে নিজেদের অভিযান শুরু করেছিল ফর্টিস। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে তারা এফসি গোয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ার ফলে শেষ ম্যাচটি তাদের জন্য কেবল টুর্নামেন্টটি ভালোভাবে শেষ করার উপলক্ষ্য ছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের অভিজ্ঞতা সমৃদ্ধ করল দলটি।





































