প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। বাংলাদেশ উইমেন্স ফোরাম অব অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে এই বর্ণিল সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়। গান, নাচ, কবিতা আবৃত্তি এবং যুগল নৃত্য প্রতিযোগিতায় মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ।
রোববার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নারী, তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। মূলত গত বছর তিন নারী উদ্যোক্তা সাথী খান, বিলকিস জাহান ও নিলুফা ইয়াসমিনের উদ্যোগে এই ফোরামের পরিকল্পনা করা হয়েছিল। পরবর্তীতে সুমি আজাদ, শিমু আক্তার ও লুবনা ইয়াসমিন সুইটি এই কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঘরোয়া পরিবেশে পিঠা উৎসব, মিলনমেলা ও মতবিনিময় সভার মতো নানা উদ্যোগ নিয়ে আসছে। প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চা অব্যাহত রাখা এবং নারীদের সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি করাই এই সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ় করতে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান।
উৎসবের বিভিন্ন পর্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন, যাদের মধ্যে ছিলেন গামা আব্দুল কাদির, আইনজীবী সিরাজুল হক এবং আবদুল খান রতন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন রতন কুন্ডু, আলমগীর ইসলাম বাবু, গাওসুল আলম শাহজাদা, এমরান এইচ সরকার, ফয়সাল আজাদ, শফিক শেখ ও কবির হোসেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চমৎকার উপস্থাপনা করেন আকিদুল ইসলাম ও রতন কুন্ডু। একক সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, মারিয়া মুন, এমদাদুল হক তুহিন, আরিফ খান ও রোকসানা নাজনীন। এছাড়া মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন ফারিয়া আনজুম।




































