প্রবাস ডেস্ক: গ্রিসে বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের আসার আহ্বান জানিয়ে টিকটকে ভিডিও প্রচার করায় ২৭ বছর বয়সি এক বাংলাদেশিকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। মৌলভীবাজারের বাসিন্দা মো. হাসান নামের ওই প্রবাসী গত পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। তার আশ্রয়ের আবেদন তৃতীয়বারের মতো প্রত্যাখ্যাত হওয়ার পর তাকেসহ বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠানো হয়। গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুনে প্রকাশিত ওই টিকটক ভিডিওতে হাসান দাবি করেছিলেন যে গ্রিসের নাফপ্লিও শহরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং কাগজপত্র না থাকলেও পুলিশের কোনো ঝামেলা হবে না। ভিডিওতে তাকে বলতে শোনা যায় যে বৈধ কাগজ না থাকলেও সেখানে ৫০ বছর থাকা সম্ভব এবং পুলিশ আসবে না। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গ্রিসের বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে গ্রিক পুলিশ তাকে শনাক্ত করে এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে।
গ্রিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পূর্বে ওই বাংলাদেশির বৈধভাবে বসবাসের অনুমতি থাকলেও তার দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের পর তা বাতিল করা হয়। তিনি পরপর আশ্রয়ের আবেদন করে গ্রিসে নিজের অবস্থানের মেয়াদ দীর্ঘায়িত করার অপচেষ্টা করেছিলেন। গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস তার পোস্টে উল্লেখ করেছেন যে অবৈধ অভিবাসনে উৎসাহ জোগানোর দায়ে ওই ব্যক্তির বসবাসের অনুমতি কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান যে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের বহিষ্কার প্রক্রিয়ায় বিলম্ব ঘটলেও শেষ পর্যন্ত তা সফলভাবে কার্যকর করা হচ্ছে।
এদিকে, এই ঘটনার পর গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় প্রবাসীদের মতে, সাম্প্রতিক সময়ে লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসে প্রবেশ করা কিছু টিকটকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও জনপ্রিয়তা অর্জনের জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তাদের এই ধরনের দায়িত্বহীন প্রচারের কারণে গ্রিসের স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের কাছে সামগ্রিকভাবে পুরো বাংলাদেশি প্রবাসীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।





































