রাজনীতি ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ রাজি হচ্ছে না। সম্প্রতি ফেসবুক পোস্টে এই দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তিনি উল্লেখ করেন যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতসহ আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে সম্মত হয়নি।
নাজমুল হকের ভাষ্য অনুযায়ী, দিল্লিতে শেখ হাসিনার দীর্ঘ উপস্থিতি ভারতের জন্য ক্রমশ বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। আন্তর্জাতিক অঙ্গনে একজন অভিযুক্ত ব্যক্তিকে কেন আশ্রয় দেওয়া হয়েছে, তা নিয়ে ভারতের কাছে জবাবদিহি চাওয়া হচ্ছে। এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতকে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
বিবিসি বাংলার প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, শেখ হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় তাকে দেশে ফিরিয়ে বিচার করানোই ভারতের একমাত্র বাস্তবসম্মত বিকল্প। তবে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য তিনি তুলে ধরেননি। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতা ছাড়ার সময় শেখ হাসিনা দেশের নেতাকর্মীদের অনিশ্চয়তার মুখে ফেলে পালিয়ে গেছেন।
পোস্টে আরও বলা হয়, বিদেশে বসে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার কারণে দেশের কর্মীরা নতুন করে ঝুঁকির মুখে পড়ছেন। নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ওই পরিবারটি তৃণমূলের জীবন বিপন্ন করছে বলে তিনি অভিযোগ করেন। তাই তিনি দলীয় নেতাকর্মীদের নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে সতর্ক থাকার আহ্বান জানান।





































