প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে ছবি তুলে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা শাওমি ইমেজেরি গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৬-এ জাজেস চয়েস অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশের মো. জুমেন খান। বিশ্বের বিভিন্ন দেশের সাতজন বিজয়ী আলোকচিত্রীর মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি এই গৌরব অর্জন করেছেন এবং পুরস্কার হিসেবে ৩ হাজার ডলার পেয়েছেন। মোবাইল ফটোগ্রাফি ও দৃশ্যের মাধ্যমে গল্প বলার শিল্পকে উৎসাহিত করতে লাইকার সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এবারের প্রতিযোগিতায় পোর্ট্রেট, স্ট্রিট মোমেন্টস, কালচারাল থ্রেডস, ইমোশনাল ফোকাস ও ফটো সিরিজসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের নানা প্রান্তের আলোকচিত্রীরা ছবি জমা দেন। সাত সদস্যের আন্তর্জাতিক বিচারক প্যানেল ছবির বিষয়বস্তু, কম্পোজিশন, আলো, আবেগ, সৃজনশীলতা ও গুণগত মান বিচার করে বিজয়ী নির্বাচন করেছে। পেশায় তৈরি পোশাক কারখানার কর্মী জুমেন গত ছয় বছর ধরে মোবাইল ক্যামেরায় ছবি তোলার পাশাপাশি স্ট্রিট ও প্রামাণ্য আলোকচিত্র নিয়ে কাজ করছেন। তিনি বাংলাদেশের আলোকচিত্র প্ল্যাটফর্ম অর্ডিনারি কালেক্টিভের সদস্য এবং এর আগে গত বছর একই প্রতিযোগিতায় অনেরেবল মেনশন পুরস্কার পেয়েছিলেন।
এই সাফল্য নিয়ে জুমেন জানান যে, এই স্বীকৃতি তার কাজের জন্য বড় একটি অনুপ্রেরণা এবং এটি দেশের আলোকচিত্র সবার অর্জন। ভালো কাজের জন্য ভারী ক্যামেরার চেয়ে দৃশ্য দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও গল্প বলার ইচ্ছাই সবচেয়ে বেশি জরুরি বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে সাধারণ মানুষের জীবনযাত্রা, সংগ্রাম ও সংস্কৃতির নানা অজানা দিক নিয়ে দীর্ঘমেয়াদি প্রজেক্টে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
জুমেনের ছবি সম্পর্কে বিচারকদের একজন কাও ড্যান বলেন যে, ছবিগুলোতে দেশের আবেগ ও প্রাণচাঞ্চল্য চমৎকারভাবে ফুটে উঠেছে। দৈনন্দিন জীবন, শ্রম ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মতো সামাজিক জীবনের নানা দিক তার কাজের বিষয়বস্তু হিসেবে এসেছে। শাওমি ও লাইকার সক্ষমতা কাজে লাগিয়ে ক্যামেরার কালার রেন্ডারিংয়ের দারুণ ব্যবহারের পাশাপাশি মানুষের প্রতি তার গভীর ভালোবাসাও এই কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে। শাওমি, রেডমি ও পোকো স্মার্টফোন ব্যবহারকারীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় কেবল এসব ব্র্যান্ডের ফোনেই তোলা ছবি জমা দেওয়ার নিয়ম রয়েছে।




































