সারাদেশ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় সামাজিক সংগঠন আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এলাকার দুই শতাধিক নারী ও পুরুষ এই স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। এছাড়া মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষার সুব্যবস্থা ছিল। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি উপস্থিত রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. সুরুজ হোসেন, মো. হালিম শাহ, সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. মানিক মিয়া। এছাড়া সংগঠনের যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম পরিচালনা করেন।
চিকিৎসা নিতে আসা একজন স্থানীয় নারী জানান, যুবসমাজের এমন উদ্যোগের কারণে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন এবং তারা এই সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের সভাপতি মো. শাহীন মাহমুদ জানান, এটি তাদের সংগঠনের দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




































