সারাদেশ ডেস্ক: ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট লঘুচাপ ও টানা বৃষ্টির কারণে ঝালকাঠির সবজির বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন এলাকার সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির ফলে সাধারণ ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে চরম বিপাকে পড়েছেন। এছাড়া টানা এই বর্ষণ চলতে থাকলে রবি শস্যের আবাদ ব্যাহত হওয়ার বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
ঝালকাঠির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দর যথেষ্ট চড়া রয়েছে এবং ক্রেতাদের পকেট কাটছে। বর্তমানে বাজারে প্রতি কেজি ফুলকপি ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা এবং বেগুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা এবং প্রতি হালি লাউ আকারভেদে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সবজি বিক্রেতা মো. কামরুল ইসলাম ও জামাল হাওলাদার জানান, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। পরিবহন খরচসহ অন্যান্য ব্যয় মেটানোর পর তাদেরও বেশি দামে খুচরা বিক্রি করতে হচ্ছে। ক্রেতারা বাজারে এসে দাম শুনে পরিমাণ কমিয়ে দিচ্ছেন, ফলে তাদের বিক্রিও অনেকাংশে কমে গেছে।
ক্রেতা আব্দুল হক হাওলাদার ও মোস্তফা বলেন, সীমিত আয়ের মানুষের জন্য পরিবারের প্রয়োজনীয় সবজি কেনা এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত এই বাড়তি খরচের চাপ সাধারণ ক্রেতাদেরই বহন করতে হচ্ছে। তারা বাজারদর নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি এবং সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।





































