প্রায় চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘ম্যানেজমেন্ট উইক ৭.০’। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২(৫১ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ম্যানেজমেন্ট উইকের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম সেলিম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবু সাইফ মো. মুনতাকিমুল বারি চৌধুরী এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক নিলাঞ্জন কুমার সাহা।
এ সময় বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুল্লাহ, মো. রুবেল, মো. মাহফুজুর রহমান, সুনীতি দেবী মণ্ডল ও আফিফ বিন মুসতাকিমসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ফ্ল্যাশমব পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী দিনের কর্মসূচি শেষ হয়।
এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২(৫১ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘প্রায় চার বছর পর ৫১তম আবর্তনের উদ্যোগে ম্যানেজমেন্ট উইক আয়োজন করা হচ্ছে। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যাশা, বিভাগ প্রতিবছর এ আয়োজনের উদ্যোগ নেবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব প্রদান ও ব্যবস্থাপনাগত গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হবে।’
তিনি আরও জানান, আয়োজনের দ্বিতীয় দিন সোমবার (২৩ নভেম্বর) ট্রেজার হান্ট ও স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত হবে। স্পোর্টস কার্নিভাল কেন্দ্রীয় খেলার মাঠের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ মাঠে আয়োজন করা হবে।


































