লাইফস্টাইল ডেস্ক: দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে গিয়ে প্রায়শই আলমারি বা ড্রয়ারের গভীরে চরম ভোগান্তির শিকার হতে হয়। গৃহস্থালি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, ঘর পরিপাটি রাখা এবং কাজের জটিলতা কমাতে একটি কার্যকর কৌশল হলো ‘টু-টাচ রুল’ বা দুই স্পর্শের নিয়ম। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট রিয়েল সিম্পলে প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ঘর গোছানো বিশেষজ্ঞ লরি হাইস এই সহজ কৌশলটির বিস্তারিত তুলে ধরেছেন।
এই নিয়মের মূল কথা হলো, যেকোনো প্রয়োজনীয় জিনিস তার নির্দিষ্ট স্থান থেকে সর্বোচ্চ দুটি স্পর্শ বা ধাপের মাধ্যমে বের করে আনা সম্ভব হওয়া উচিত। যেমন ড্রয়ার খোলা হলো প্রথম স্পর্শ এবং সেখান থেকে কোনো নোটবুক তুলে নেওয়া হলো দ্বিতীয় স্পর্শ। কিন্তু সেই নোটবুকটি পেতে যদি ড্রয়ার খুলে একাধিক বাক্স বা কাগজের স্তূপ সরাতে হয়, তবে বুঝতে হবে সেখানে অপ্রয়োজনীয় জিনিসের জট জমেছে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী রান্নাঘরের সামগ্রী যেমন ব্লেন্ডার, টোস্টার বা রান্নার তেল কেবিনেটের গভীরে না রেখে চুলার কাছে বা কাউন্টারের ওপরে রাখতে হবে। কাঁচি, চার্জার বা ছোট সরঞ্জামের মতো নিয়মিত ব্যবহৃত জিনিসগুলো ঘরের নির্দিষ্ট স্থানে আলাদাভাবে রাখা বুদ্ধিমানের কাজ। গভীর ড্রয়ার বা তাকে জিনিসপত্র স্তূপ করে না রেখে বেশি ব্যবহৃত জিনিসটি সবার ওপরে রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
ঘরজুড়ে এই নিয়ম প্রয়োগের জন্য ড্রয়ারে ছোট ডিভাইডার বা অর্গানাইজার এবং দেয়ালে হুক ব্যবহারের পরামর্শ দিয়েছেন লরি হাইস। তাক বা ড্রয়ারে কিছু রাখতে গিয়ে অন্য জিনিস সরাতে হলে বুঝতে হবে অপ্রয়োজনীয় সামগ্রী ছাঁটাই করার সময় এসেছে। কম ব্যবহৃত বাড়তি জিনিসগুলো স্টোররুমে সরিয়ে রাখলে দৈনন্দিন জীবন আরও সহজ ও স্বস্তিদায়ক হয়ে ওঠে।



































