ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ২০৩০ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর। প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। স্বাগতিক হওয়ার সুবাদে ইতোমধ্যে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে ছয়টি দেশ স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। অন্যদিকে, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনকে স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। সেই পরিকল্পনার অংশ হিসেবে উদ্বোধনী পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ফলে ফিফার নিয়ম অনুযায়ী স্বাগতিকের মর্যাদা পাওয়া এই ছয়টি দেশই সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
২০২৪ সালের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে স্পেন, পর্তুগাল ও মরক্কোকে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। যদিও এই আয়োজনের বিডিং প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২০ সালের অক্টোবরে এবং শেষ হয় ২০২৩ সালের অক্টোবরে। শুরুতে মরক্কো এককভাবে আয়োজক হওয়ার পরিকল্পনা করলেও পরে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে প্রস্তাব জমা দেয়। শেষ পর্যন্ত সেটিই একমাত্র বৈধ বিড হিসেবে অনুমোদন পায়।
বিশ্বকাপের উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও, আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইরেস এবং প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে। এরপর অংশগ্রহণকারী দলগুলো ইউরোপ ও আফ্রিকায় গিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবে।
শতবর্ষের এই আসরের অন্যতম আকর্ষণ হবে মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়াম, যেখানে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া উদ্বোধনী পর্বের অন্য দুটি ম্যাচ হবে বুয়েনেস এইরেসের এস্তাদিও মনুমেন্টাল এবং আসুনসিওনের এস্তাদিও ওসভালদো ডোমিঙ্গেজ দিব স্টেডিয়ামে।
ফিফার ঘোষিত সূচি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ২১ জুলাই। মোট ৪৪ দিনব্যাপী চলা এই আসর হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ টুর্নামেন্ট। তিন মহাদেশে ম্যাচ আয়োজন, উদ্বোধনী পর্বের বিশেষ পরিকল্পনা এবং অংশগ্রহণকারী দলগুলোর দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনায় রেখেই এবার সূচি আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় দীর্ঘ রাখা হয়েছে।





































