বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উচ্ছ্বাস কর্মকারের বাড়ি খুলনা জেলার খালিশপুরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে রুমের ভেতরে উচ্ছ্বাসের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।





























