রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে রাখা বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। বস্তুগুলো নিষ্ক্রিয় করার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটের দিকে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৭টার কিছু পর পুলিশ খবর পায় যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ঘটনাস্থলে আরও সন্দেহজনক বস্তু থাকায় সেগুলোও পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কার্যক্রম চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তিরা মেট্রোরেল স্টেশনের নিচে এসব বস্তু রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এগুলো প্রকৃতপক্ষে কী ধরনের বিস্ফোরক, নাকি ককটেল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে নিষ্ক্রিয় করা দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, সেগুলোতে শক্তিশালী বিস্ফোরকও ছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরকগুলো কে বা কারা সেখানে রেখেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।





























