দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাকে অভিনন্দন জানান তিনি।
এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এগিয়ে এসে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার সঙ্গে কোলাকুলি করেন।
পরে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরাও একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে আলিঙ্গন করেন।
এর আগে, এদিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, বৈধ ব্যালট পেপারের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন। অন্যদিকে, ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট।
ফলাফল অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।































