খেলা ডেস্ক: ইংলিশ কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে দীর্ঘ আড়াই দশকের পথচলা আনুষ্ঠানিকভাবে শেষ হলো কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের। ক্লাব কর্তৃপক্ষ তার সঙ্গে নতুন চুক্তি না বাড়ানোর ঘোষণা দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শৈশবের ক্লাবের সঙ্গে এমন বিচ্ছেদের ফলে হতাশা প্রকাশ করেছেন ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। ক্লাবের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস এবং প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়কের সঙ্গে এক বৈঠকের পর তাকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
বার্নলিতে জন্ম নেওয়া অ্যান্ডারসন ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন এবং পুরো ক্যারিয়ারেই এই ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। ওল্ড ট্রাফোর্ডে খেলার অনুভূতি তার কাছে সবসময় বিশেষ কিছু ছিল বলে তিনি উল্লেখ করেন। ক্লাবের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বহু স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন এই ফাস্ট বোলার। তবে দল নতুন করে সাজানোর পরিকল্পনা এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপে দলের বাজে পারফরম্যান্সের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মৌসুমে ল্যাঙ্কাশায়ার দল কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে আট দলের মধ্যে সপ্তম স্থান অর্জন করে, যা তাদের ইতিহাসের অন্যতম বাজে পারফরম্যান্স। এরিক পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দল পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। দলের এমন দুঃসময়েও অ্যান্ডারসন ব্যক্তিগতভাবে দারুণ পারফর্ম করে ১১ ম্যাচে ৫০ উইকেট শিকার করেছিলেন। তবুও শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় ল্যাঙ্কাশায়ার।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে ২০২৪ সালে টেস্টকে বিদায় জানিয়েছিলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল এই পেসার। ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে ৪৪৩ উইকেট নিয়ে তার এই অধ্যায়ের সমাপ্তি ঘটল। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আগামী গ্রীষ্মে এই অভিজ্ঞ পেসারকে দলে ভেড়াতে ইতোমধ্যে কয়েকটি কাউন্টি ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। ক্রিকেট বিশ্বে এখন আলোচনার বিষয় হলো তিনি নতুন কোনো ঠিকানায় খেলবেন নাকি গৌরবময় এই ক্যারিয়ারের এখানেই ইতি টানবেন।





































